নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় র্যাব ও মাদক অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৬৭ পিস বিদেশি মদসহ রাজীব ভৌমিক (৩২) নামের একজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে নোয়াখালী র্যাব-১১। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) কোম্পানীগঞ্জ চরহাজারি ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এই মাদক দ্রব্য জব্দ করা হয়।
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১১ এর একটি যৌথ দল রাজীবের বাসায় তল্লাশি চালায়। এসময় অভিযুক্ত রাজিবের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল জব্দ করা হয়। জব্দ করা মদের বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
আটক রাজিবসহ একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ বিদেশি মদ ক্রয় করে নিজ বাসস্থান হতে খুচরা মূল্যে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। পরে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬৭ পিস বিদেশি মদসহ (২০৭.৩৭৫ লিটার) রাজীব ভৌমিককে গ্রেফতার করতে সক্ষম হয়। আটকের পর তাকে আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যৌথ বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখবে প্রশাসন।
প্রতিনিধি/টিবি




