নোয়াখালীর সেনবাগে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন মজুদ রাখার দায়ে ইশতিয়াক ভুঁইয়া নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের ভুঁইয়া ট্রেডার্সের মালিকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান চালান। এসময় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল এবং ১৫০০ লিটার অকটেন জব্দ করা হয়। যথাযথ লাইসেন্স বা অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ইশতিয়াক ভুঁইয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম জানান, জননিরাপত্তা, ঝুঁকি ও অবৈধ মজুদ রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সেনবাগ থানা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।
প্রতিনিধি/এসএস




