নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরে বোরোধান কাটা উদ্বোধন করেছেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের শেওরাতলি গ্রামের সামনে ডিঙাপোতা হাওরে বোরোধান কাটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানিসহ দলের নেতা-কর্মী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, কৃষকের কী কী সমস্যা রয়েছে জানতে এলাম। জ্বালানি তেলের সংকট থাকলেও ধান কাটার হারভেস্টারের জন্য সহজে ডিজেল পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বৃষ্টির পানি জমে যেন কৃষকের ফসল ক্ষতি না হয় সেজন্য খাল খননসহ পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ কৃষকের স্বার্থে প্রয়োজনীয় সবকিছু করা হবে।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কয়দিন পরে হাওরে পানি আসবে। হাওরের মৎস্য সম্পদ রক্ষায় চায়না দোয়ারি ও কারেন্ট জানসহ সব অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে। এসব জাল পেলে পুড়িয়ে ফেলা হবে। যে তিন মাস সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ, সেসময় মাছ ধরা বন্ধ রাখতে হবে। আপনারা হাওরের মা মাছ ও পোনা মাছ ধরবেন না। আমি নিজেও পোনা মাছ ছাড়ব। সেই পোনা বড় হবে, অনেক সম্পদ হবে। আপনারা গ্রামে গ্রামে কমিটি গঠন করবেন যাতে কেউ মা মাছ ও পোনা মাছ না ধরতে পারে। প্রশাসনকে বলে দিয়েছি, যেখানেই কারেন্ট জাল পাবে সেখানেই পুড়িয়ে দেওয়া হবে। আর এই তিন মাস যেন হাওর অঞ্চলের জেলেরা কষ্টে না থাকে সে ব্যাপারে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলব যাতে প্রকৃত জেলেরা সরকারের কাছ থেকে প্রণোদনা পান।

স্থানীয় লোকজন ও নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যত্রতত্র মাদক পাওয়া যাচ্ছে। এটা আমাদের সমাজের একটা ভয়ংকর বিপর্যয় ডেকে আনছে। অনেক কিশোর যুবক মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এতে করে অপরাধ বেড়ে যাচ্ছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাই মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকসেবী বা মাদক কারবারি দেখলে উত্তমমধ্যম দিয়ে আপনারা পুলিশে সোপর্দ করবেন।
প্রতিনিধি/এসএস




