লালমনিরহাটে চাচাত বোনের শাবলের আঘাতে আহত ভাই সুমনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) রাতে লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় চাচাতো ভাই বোনদের মাঝে জমি নিয়ে হামলায় সুমন আহত হন।
সুমন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন- ওই তেলিপাড়া এলাকার আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সোবহান ও তাই আব্দুস সাত্তারের ছেলে সুমনের পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে।
এতে শাবলের আঘাতে সুমন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সুমনের মৃত্যু হয়। এ ঘটনায় সুমনের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সজিব বলেন, সুমন হত্যার অভিযোগে এজাহার নামীয় আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




