ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিঁড়ে এক আশরাফুল মাহমুদ (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ এপ্রিল) ভোরে মো. আশরাফের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত আশরাফুল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। সে মস্তানগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহতরা হলেন- মো. সোহাগ (২০), মো. রাশেদ (৩২) ও নুরুল আমিন (৩২)। নুরুল আমিন পথচারী। রাশেদ দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক এবং সোহাগ তাঁর সহকারী।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন ধীরগতিতে চলছিল। এ সময় একটি কাভার্ডভ্যান সামনে থাকা পিকআপের পেছনে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে আরেকটি কাভার্ডভ্যান ট্রাকটির পেছনে ধাক্কা দিলে মুহূর্তেই চারটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ট্রাকে বাঁধা থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের ওপর পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক এবং সহকারী আটকা পড়েন। একই সময়ে রাস্তা পার হওয়ার সময় আশরাফুল ও নরুল আমিন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহত দুইজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চমেক হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ৬টায় শিক্ষার্থী আশরাফুল মাহমুদ মারা যায়।
আরও পড়ুন
নিহত আশরাফুলের মামা মিজানুর রহমান বলেন, আশরাফুল মস্তাননগর জামেয়া রহমানিয়া ফাজিম মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলো। তার বাবা পেয়ারুল হকের চৈতন্যেরহাটে একটি দোকান রয়েছে। পড়ালেখার পাশাপাশি বাবাকে দোকানে সহায়তা করত আশরাফুল। রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দুটি যানবাহনের মাঝখানে চাপা পড়ে মারা যায়। আজ (শনিবার) দুপুর ২টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননরগ) জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের বলেন, ‘আহত চারজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে আশরাফ এবং নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ এপ্রিল) ভোরে মো. আশরাফের মৃত্যু হয়।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস




