শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আর্থিক লেনদেনের বিরোধের জেরে দিদারুল আলম (৪৪) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু আবু তৈয়বকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকার ইউসিবি ব্যাংকের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।


বিজ্ঞাপন


দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। আটক আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দিদারুল বাড়ির কাজ শেষে নগরীর বাকলিয়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মইজ্জ্যারটেক এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা তৈয়ব তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়।

জানা গেছে, দিদারুল ও আবু তৈয়ব একে অপরের বন্ধু ছিলেন। প্রবাস থেকে ফেরার পর তৈয়বকে নগরীর রিয়াজুদ্দিন বাজারে নিজের স্টেশনারি দোকানে চাকরি দিয়েছিলেন দিদারুল। কিন্তু উল্টো দিদারের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন তৈয়ব। আর্থিক লেনদেনের এই জেরে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সমস্যা সমাধানে এর আগে একাধিকবার শালিসি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, পুরানো শত্রুতার জেরেই দিদারকে হত্যা করা হয়েছে।


বিজ্ঞাপন


কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, শুনেছি দিদারের সঙ্গে আবু তৈয়ব নামের একজনের লেনদেন ছিল। এর জের ধরে দুজনের মধ্যে মারামারির ঘটনায় দিদার আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। তবে মূল ঘটনা কি তা তদন্ত করছি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর