মেহেরপুর সদর উপজেলার কাথুলী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাথুলী অটোস্ট্যান্ড সংলগ্ন কাশ্যবপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেলিম হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩০) এর বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শয়নকক্ষের ফ্রিজের কম্প্রেসারের দুই পাশে বিশেষ কায়দায় লুকানো নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে ৬ বোতল সিরাপ রয়েছে। প্রতি বোতল ১০০ মিলিলিটার হিসেবে মোট ২ হাজার ৭০০ মিলিলিটার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে আসামি হাবিবুর রহমানকে বাড়িতে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ওই কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি




