মাদারীপুরে বিনামূল্যে (মিড ডে মিল) সরকারের দেওয়া টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের স্বাক্ষরিত এক চিঠিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদকে প্রধান করে গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক মর্জিনা আক্তার জানান, মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিডিং কার্যক্রমের আওতায় রুটি, কলা ও ডিম টিফিন হিসেবে শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে। ‘সামান্তা ট্রেডার্স’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব খাবার বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে চর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া টিফিনের রুটি, কলা ও ডিম আলামত হিসেবে জব্দ করেন।
বিজ্ঞাপন
অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে ফিডিং কার্যক্রমের প্রকল্প পরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুন অর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
পরে তারা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, খাবার খাওয়ার কিছুক্ষণ পর শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড পেটব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। এ বিষয়ে প্রশাসনের কাছ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
প্রতিনিধি/এমআই




