গাইবান্ধার সাঘাটায় পৃথক স্থানে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে প্রশাসন। এ সময় তেল মজুদের দায়ে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলার সাঘাটা উপজেলার হাটভরতখালি ও পদুমশহর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির।
বিজ্ঞাপন
অবৈধভাবে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটার হাট ভরতখালি বাজারের মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। আটক করা হয় দোকান মালিক আবুল কালাম আজাদকে।
এদিকে উপজেলার পদুমশহর ইউনিয়নের স্কুলের বাজার এলাকার একটি গরুর খামার থেকে ৮৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়। আটক করা হয় খামারের মালিক সুজা মিয়াকে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল কালাম আজাদ আহাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং সুজা মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে তাদের জেল-জমিমানা করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমআই




