গোয়েন্দা পুলিশের অভিযানে মুন্সিগঞ্জের সক্রিয় আন্তঃজেলা মোটরসাইকেল চোর ও ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১টার দিকে, পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
বিজ্ঞাপন
পুলিশ সুপার জানান, গত ৩১ মার্চ সন্ধ্যায় নিরব মণ্ডল (২১) নামের এক যুবকের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেলটি চুরি হয় সিরাজদীখান উপজেলার নিমতলা রেলস্টেশন পার্কিং এলাকা থেকে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এরপর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবিরের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের শনাক্ত করে।

পরে ৭ এপ্রিল পদ্মা সেতুর উত্তর থানার মাওয়া পুরাতন ঘাট এলাকা থেকে নাসির শেখকে (২৫) গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া সুজুকি জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের ছনবাড়ি এলাকা থেকে সাগর খানকে (৩০) গ্রেফতার করে একটি নম্বর বিহীন অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মোটরসাইকেলটি গত ১৬ মার্চ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হয়েছিল। একই সূত্রে টুটুল মৃধাকে (৪১) গ্রেফতার করে তার কাছ থেকে একটি লাল-কালো রঙের নম্বর বিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। এদিকে উদ্ধার হওয়া এ মোটরসাইকেলটির প্রকৃত মালিকানা শনাক্তে কাজ চলছে।

তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চক্রের তিন সদস্য স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নাম্বার প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিল।
এছাড়াও মূল আসামি নাছির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদকের ৯টি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার।
এ সময় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/এসএস

