শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে বিপুল ভোজ্যতেল জব্দ, জরিমানা ও মামলা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ, জরিমানা ও মামলা

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনহীন লেবেল ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাব-৭ ও বিএসটিআই। অভিযানে ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ করার পাশাপাশি ২১ হাজার ৬০০ লিটার তেল মজুদ করায় দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে ও গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী ও পাঁচলাইশ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।


বিজ্ঞাপন


র‌্যাব জানায়, মহানগরীর অক্সিজেন মোড়, নাসিরাবাদ এবং কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ এবং বিএসটিআইয়ের অনুমোদনহীন লেবেল ব্যবহার করে বাজারজাত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে র‌্যাব-৭-এর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, মঙ্গলবার পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেলের অবৈধ মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওই প্রতিষ্ঠান দুটিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর