খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা সিটিকে গ্রিন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে। খুলনাকে গ্রিন সিটিতে পরিণত করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। বস্তিবাসীর উন্নয়নের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) খুলনা কারিতাস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালীকরণ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য শুধু সভা-সেমিনার করলেই হবে না, এ নিয়ে সবাইকে কাজ করতে হবে। শহরে ইজিবাইকের সংখ্যা বেড়ে গেছে। এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সাইক্লোন ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের পরিকল্পনা দরকার। খুলনার উন্নয়নে আমরা কাজ শুরু করেছি।
গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহম্মেদ। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা কারিতাসের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের (কুয়েট) সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন কারিতাসের টেকনিক্যাল বিশেষজ্ঞ ইম্মানুয়েল চয়ন বিশ্বাস।
গোলটেবিল বৈঠকে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি লিডাররা অংশ নেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

