‘এক যুগেও সংস্কার হয়নি সড়ক, চরম ভোগান্তি’ শিরোনামে ফরিদপুর সদর উপজেলার একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক নিয়ে সংবাদ প্রকাশ করে ‘ঢাকা মেইল’।
সংবাদ প্রকাশের ৫ মাস পর সোমবার (৬ এপ্রিল) সেই সড়ক সংস্কারের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ফরিদপুর সদর উপজেলা কার্যালয়।
বিজ্ঞাপন
সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন মিয়া, চরমাধবদিয়া ইউনিয়নের গোলাপবাগ মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মো. রফিকুল ইসলাম খান, সাংবাদিক মেহেদী সোহেল, শাহীন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাজি রহিম উদ্দিনপাড়া (বকারটিলা) সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে দুর্গাপুর বেড়িবাঁধ বাজার থেকে জামতলা হাটে যাতায়াত করেন অসংখ্য মানুষ। সড়কটির প্রায় ১ কিলোমিটার অংশ চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়লেও বর্তমানে মাত্র ২০০ মিটার সংস্কারের অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন সদর উপজেলা সহকারী প্রকৌশলী মো. ইশতিয়াক আহমেদ।
তিনি বলেন, ‘সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ বেহাল অবস্থায় থাকলেও আপাতত ২০০ মিটার সংস্কারের অনুমোদন মিলেছে। যতটুকু জানতে পেরেছি, বাজেট স্বল্পতার কারণে পুরো অংশটি সংস্কারের অনুমোদন দেওয়া সম্ভব হয়নি।’
এদিকে আংশিক সংস্কার কাজ শুরু হওয়াতেই সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। হাজি রহিম উদ্দিনপাড়ার বাসিন্দা মো. ফরিদ শেখ বলেন, ‘এই ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কে আমরা খুব কষ্টে যাতায়াত করি। সড়কটি সংস্কার হলে এই এলাকার কয়েক হাজার মানুষের কষ্ট লাঘব হবে।’
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা শাহিন মন্ডল বলেন, ‘এই সড়ক দিয়ে এলাকার শত শত চাষির উৎপাদিত হাজার হাজার টন ফসল পরিবহন করতে হয়। ভাঙা রাস্তার কারণে তাদের অসহনীয় ভোগান্তিতে পড়তে হতো। তাই সড়কটি সংস্কার করা খুবই জরুরি ছিল। এজন্য উপজেলা প্রশাসন ও ঢাকা মেইলকে ধন্যবাদ জানাই।’
একই সুরে ইউনিয়ন বিএনপির নেতা মো. নাসির উদ্দীন মিয়া উপজেলা প্রশাসন ও ঢাকা মেইলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যোগাযোগ ও পণ্য পরিবহনের জন্য উন্নত সড়ক ব্যবস্থা অত্যন্ত জরুরি। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে একটি সড়ক সংস্কার না করা স্থানীয় জনগণের ওপর জুলুমের শামিল। আমরা আমাদের জননেতা ও সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের মাধ্যমে সড়কের বাকি অংশটুকু সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, ইনশাআল্লাহ।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, ‘বাজেট সংকটের কারণে বর্তমানে পুরো সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে আগামী বাজেটে সড়কের বাকি অংশটুকু সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রতিনিধি/একেবি

