মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ন্যায্য মূল্যে পণ্য কার্ড দেওয়ার নামে টাকা আদায়, আটক ৫

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ন্যায্য মূল্যে পণ্য কার্ড দেওয়ার নামে টাকা আদায়, আটক ৫

নেত্রকোনায় ন্যায্য মূল্যে পণ্য ও নানা সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বালিজুড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন, উপজেলার চল্লিশা ইউনিয়নে ঝাউশি এলাকার মোশারফ হোসেন (৩০), সপ্না (৪০), নাইম (২৫) ও মীম (২০) এবং পারলা এলাকার জুয়েল মিয়া (২৫)। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঝাউশি এলাকার রুনা আক্তার (২৫) নামে তাদের এক সহযোগী পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, আশক ফাউন্ডেশন নামে কথিত একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পরিচয়ে একটি চক্র সদর উপজেলার রৌহা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে তাদের কার্যক্রম চালায়। তারা ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ ও বিভিন্ন বেসরকারি চিকিৎসা সেবায় ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতি কার্ডের জন্য ১২০ টাকা করে আদায় করছিল। বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে আজ বিকালে সদর উপজেলার বালিজুড়ি গ্রামে এসব কার্যক্রম চলাকালে হাতেনাতে ওই পাঁচজনকে আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছে কার্যক্রম পরিচালনার বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিভিন্ন অভিযোগে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

এ বিষয়ে রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন জানান, কয়েকদিন ধরে তারা আমার ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষদের প্রলোভন দেখিয়ে ১২০ টাকায় ন্যায্য মূল্যের পণ্য দেবে বলে বিভিন্ন কার্ড দিচ্ছে। প্রশাসনিক অনুমোদন আছে কিনা তা জিজ্ঞেস করলে তারা আমাকে জানায়, উপজেলা থেকে অনুমোদন নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এরকম কোনো অনুমোদন দেওয়া হয়নি। তাই আজ স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে খবর দিই।

নেত্রকোনা মডেল থানার এসআই মো. ইয়াকুব আলী জানান, খবর পেয়ে চেয়ারম্যানের সহযোগিতায় একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ কাজের সঠিক কোনো কাগজপত্র না দেখাতে পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর