কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক রোহিঙ্গা ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার নাফ নদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম সৈয়দ করিম। তিনি একজন রোহিঙ্গা বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মাছ ধরতে নদীতে গিয়েছিলেন। তবে ঠিক কখন তিনি নদীতে যান বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন ও রোহিঙ্গাদের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস

