শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

চাঁদা না দেওয়ায় যুবককে অ্যাসিড নিক্ষেপ, বিএনপি নেতাসহ মামলার আসামি ৯

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

চাঁদা না দেওয়ায় যুবককে অ্যাসিড নিক্ষেপ, বিএনপি নেতাসহ মামলার আসামি ৯

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবককে মারধর ও হত্যার উদ্দেশে অ্যাসিড নিক্ষেপ করার অভিযোগে বিএনপি-যুবদল ও যুবলীগের নেতাদের নাম উল্লেখ করে ৯ জনকে আসামি করে মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে কাকড়াবুনিয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগীর বাবা মো. আব্দুল গনি খাঁ (৫০) এই মামলা দায়ের করেন। 


বিজ্ঞাপন


আসামিরা হলেন- কিসমত খাটাশিয়া গ্রামের ছেলে কাঁকড়া বুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, কাকড়াবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে ইউনিয়ন যুবলীগের সম্পাদক মাসকুর হাওলাদার, গাবুয়া গ্রামের মৃত্যু আবুল হাসেম মাস্টারের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম চান, হানিফ মৃধা, আবুসালে মূসা, ছগির মল্লিক, সিয়াম, আব্দুর রহিম চাঁন, আলমগীর হাওলাদার, প্রান্তসহ অজ্ঞাত আরও ১০/১২জন।

আরও পড়ুন

পোশাক কারখানায় চুরি হওয়া কম্পিউটার-নগদ টাকা উদ্ধার, কর্মচারী গ্রেফতার

মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বাসিন্দা মামুন খাঁ বিভিন্ন স্থানে ট্র্যাক্টর মেশিন দিয়ে লোকজনের জমি চাষাবাদের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। একই এলাকার কিছু ব্যক্তি তার ছেলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। মামুন খাঁ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা বিভিন্ন সময় তাকে হুমকি দিতে থাকে। ঘটনার দিন গত ৩০ মার্চ রাতে মামুন খাঁ মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কাকড়াবুনিয়া ইউনিয়নের একটি সড়কে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামিরা তার গতিরোধ করে। এ সময় তারা পুনরায় চাঁদার টাকা দাবি করে। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করে।

মারধরের একপর্যায়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন। এরপর হত্যার উদ্দেশ্যে কামালের পকেটে থাকা অ্যাসিড জাতীয় দ্রব্য মামুন খানের গায়ে নিক্ষেপ করলে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।


বিজ্ঞাপন


পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী মামুন খাঁর বাবা মো. আব্দুল গনি খাঁ জানান, আমার ছেলে চাঁদা দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর