মাদারীপুরে হামে এক শিশুর মৃত্যুর পর জেলাজুড়ে বাড়ছে হাম আতঙ্ক। বর্তমানে ১১ শিশুকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সরেজমিনে জানা গেছে, ২২ মার্চ রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকার আব্দুর রহমানের তিন মাস ১৫ দিন বসয়ী মেয়ে আদিবাকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ভর্তি করা হয়। পরে গত সোমবার (৩০ মার্চ) রাতে তার মৃত্যু হয়। এরপর অভিভাবকদের মাঝে বাড়ছে এই রোগের আতঙ্ক। এরপর গত ৭ দিন হাম উপসর্গ নিয়ে জেলার সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি হয় ১৪ শিশু। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও দুই শিশু। বর্তমানে তাদের মধ্যে ১১ শিশুকে রাখা হয়েছে হাসপাতালের হোম আইসোলেশন সেন্টারে।
বিজ্ঞাপন

৯ মাস বয়সী মোস্তাকুন নবীকে নিয়ে হাসপাতালে আসা সদর দুখধালী ইউনিয়নের বোয়ালি এলাকার মোস্তাকিন বিল্লাল বলেন, ছেলেকে নিয়ে খুব দুঃচিন্তায় আছি। যেভাবে চারপাশে হামের রোগী বাড়ছে তাতে এখন আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা চাই। যাতে এই রোগ থেকে শিশুরা দ্রুত মুক্তি পেতে পারে।
সদর উপজেলার হাউসদি এলাকার শিশু নাবিলার মা ফাতেমা আক্তার বলেন, আমার মেয়ে ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি। কিছুতেই হাম কমছে না। এমন পরিস্থিতিতে খুব অসহায় মনে হচ্ছে।

বিজ্ঞাপন
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম খান বলেন, সারা বিশ্বেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবার আগে সচেতন হওয়া জরুরি। হামের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ছুটে আসতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, হাম ছোঁয়াচে রোগ হওয়ায় হাসপাতালে রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিনিধি/টিবি

