সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না হওয়াকে কেন্দ্র করে নওগাঁয় অধ্যক্ষের কক্ষে ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বদলগাছী সরকারি কলেজে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়েজনের কথা ছিলো। কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান সম্ভব নয় বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এক পর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেয় এবং একই সঙ্গে কলেজের প্রধান ফটকেও তালা লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে আড়াই ঘণ্টা পর তালা খোলার ব্যবস্থা করেন।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী এখন অনুষ্ঠান সম্ভব নয়। তা ছাড়া একাদশ শ্রেণির পাঠদানের আর ২০ দিন বাকি আছে বার্ষিক পরীক্ষা নেওয়ার। আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেব। পরীক্ষার পর অনুষ্ঠান হওয়ার কথা।
তিনি আরও বলেন, আমার অফিসে আমাকেসহ কয়েকজন শিক্ষককে রেখে তারা তালা দেয়। এরপর মূল গেটেও তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তালা খুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

