নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল সীমান্তবর্তী অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানিদের।
বুধবার (১ এপ্রিল) ভোর রাতের দিকে সদর উপজেলার সীমান্তবর্তী চাকই মরিচা ভবানিপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
চাকই, মরিচা, ভবানিপুর বণিক সমিতির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম সান্টু অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাজার কমিটি ও স্থানীয়রা জানায়, নড়াইল সদর উপজেলার সীমান্তবর্তী চাকই মধুরগাতি, ভবানিপুর বাজারে মঙ্গলবার দিবাগত ভোর রাতের দিকে আগুন লাগতে দেখেন বাজারের দায়িত্বে থাকা কেসমত গাজি। এ সময় তার সহযোগীদের নিয়ে দ্রুত দোকানের সামনে এসে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের খবর দেন তিনি। পরে নোয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে যায় বাজারের চারটি দোকান। এতে দোকানে থাকা নগদ অর্থ, আসবাবপত্র, দোকানের ভবনসহ চারটি দোকানের আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামির ফকির বলেন, ‘চা আর মুদি মালামাল বিক্রি করে কোনো রকম সংসার চলে আমার। আগুনে আমার সব শেষ। ঘরের ভেতর থাকা মুদি মালামাল, চাসহ আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ী মতিউর রহমান বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাতে বাজার থেকে ফোন আসে দোকানে আগুন লেগেছে। এসে দেখি, আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেক কষ্টের দোকান। দোকানের পরেই আমার সংসার। আগুনে আমাকে সর্বস্বান্ত করে দিয়ে গেছে।
চাকই, মরিচা, ভবানিপুর বণিক সমিতির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম সান্টু বলেন, ‘বাজারে দায়িত্বে থাকা নাইটগার্ড রাতে ফোন দিলে বাজারে ছুটে আসি। এসে দেখি দোকানগুলোতে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের কাছে আবেদন ক্ষতিগ্রস্ত দোকান গুলোকে আর্থিকভাবে সহযোগিতার করার।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, টি. এম. রাহসিন কবীর বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পেরেছি। ক্ষতিগ্রস্ত দোকানিরা আবেদন করলে নিয়ম অনুযায়ী তাদের সহযোগিতা করা হবে।’
প্রতিনিধি/এসএস

