বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের একটি আদালতে অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম এই মামলাটি করেন।
বিজ্ঞাপন
আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। অভিযুক্ত মুফতি আমির হামজাকে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদরাসা ও কবরস্থানের উন্নয়নের সঙ্গে জড়িত। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে তিনি একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তির লোক আমির হামজা তাকে আপাদমস্তক নাস্তিক বলে সম্মান নষ্ট করেছেন। এ কারণে দণ্ডবিধির ৫০০ ধারায় তার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।’
মামলার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, বিদ্যুৎ মন্ত্রীর বাবা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন এবং ইকবাল হাসান মাহমুদ টুকুও দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, ‘ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম। আমির হামজা তাকে আপাদমস্তক নাস্তিক বলায় তার সম্মানহানি হয়েছে এবং সিরাজগঞ্জসহ দেশবাসী ক্ষুব্ধ ও মর্মাহত। তথ্য-উপাত্তসহ মামলাটি আদালতে উপস্থাপন করা হলে আদালত তা আমলে নিয়েছেন। আজকের মধ্যেই এ বিষয়ে আদেশ দেওয়া হবে।’

এদিকে, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরাও এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, একজন সজ্জন রাজনীতিক ও সাবেক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
প্রতিনিধি/এসএস

