সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবেশীকে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া 
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

Police are transporting the lifers in Kushtia
কুষ্টিয়ায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ।

কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য দলাদলির জেরে প্রতিবেশী সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এই রায় প্রদান করেন।


বিজ্ঞাপন


সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. আসাদুল প্রামাণিক ওরফে কালু, মো. আবু তাহের, মো. হাবিল হোসেন ও মো. মিলন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি খন্দকার সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর মিরপুর থানার গিয়াস মোড় থেকে বাজার করে ফেরার পথে নিখোঁজ হন সাহাবুল ইসলাম। পরদিন সকালে বুরাপাড়া প্রাইমারি স্কুলের পেছনে একটি ধইঞ্চা খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে যে, আসামিরা গ্রাম্য দলাদলির কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে সাহাবুলকে শ্বাসরোধ করে হত্যা করে।

বিচারক তার রায়ে উল্লেখ করেন, আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১৭ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আবু তাহের ব্যতীত বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. এনামুল হক উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর