বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে অদূরে মেহেরুন নেছা পারুল (৩০) নামের এক নারী চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যা চেষ্টা করেছেন।
সোমবার (৩০ মার্চ) ভোর ৪টা ৪৫ মিনিটে পৌঁওতা রেলগেটের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরুন নেছা পারুল গত রবিবার সন্ধ্যায় সান্তাহার স্টেশনে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করে ব্যর্থ হন। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় রাখে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাড়ি হিলি ডাঙ্গাপাড়া। পুলিশ তাকে ট্রেনে তুলে দিলে বিরামপুর স্টেশন নেমে মায়ের বাড়িতে যাবে। তার কথা মতো পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে তুলে দিয়ে ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। ট্রেন সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যেতেই পুলিশ সদস্যকে টয়লেটের যাওয়ার কথা বলে ট্রেন থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান মেহেরুন নেছা।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে কর্মীরা মুমূর্ষু অবস্থা উদ্ধার করে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। আহত মেহেরুন নেছা পারুল ফুলবাড়ি জেলার বিরামপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছাবের আহম্মেদের মেয়ে বলে জানা যায়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, মেহেরুন নেছা নামের ওই নারী নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মায়ের কাছে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে আরও বিস্তারিত জানা যাবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

