মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর জুনায়েদ মিয়া (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় জুনায়েদ।
জুনায়েদ আলিসারকুল গ্রামের দুবাই প্রবাসী রমিজ মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর তার বাবা ফেসবুকে লাইভে এসে সন্তানের সন্ধান চান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
লাশ উদ্ধারের পর জুনায়েদের বাবা আবারও ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতাও কামনা করেন।
বিজ্ঞাপন
এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
প্রতিনিধি/টিবি

