দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)।
রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালুবোঝাই এক ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে পাতি ভেঙে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে পড়ে। পরে সেটি মেরামতের কাজ চলছিল। এ সময় বগুড়ার দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি দ্রুতগতির ট্রাক বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিনের ভেতর থেকে আপন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় চালক বিকাশ চন্দ্র দাসকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি

