সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা ও গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গণপিটুনিতে আহত নিরব (২৬) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

নিহত নিরব আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা ৪ নং ওয়ার্ডের গনি মাঝির ছেলে।


বিজ্ঞাপন


রোববার (২৯ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনকে কেন্দ্র করে নিরবের সঙ্গে একই এলাকার রুবেল মাঝির (২৯) বাগ্‌বিতণ্ডা হয়।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় নিরব একই এলাকার রাশেদ ও সোহাগ নামে দুই যুবককে নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়। এ সময় রুবেল মাঝিকে উদ্ধার করতে এগিয়ে এলে নীরব ও তার সঙ্গীদের ছুরিকাঘাতে আবুল কালাম (৪০), খলিল (২৯) ও রাশেদ (২৩) নামে তিনজন আহত হন।

আরও পড়ুন

চৌদ্দগ্রামে পুকুরে গোসলে নেমে বজ্রপাতে কৃষক নিহত

স্থানীয়রা আহতদের উদ্ধার করতে এগিয়ে এলে নিরবকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় নিরবের সঙ্গে থাকা অপর দুইজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ছয়টায় নিরবের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুইজনকে গ্রেফতার করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও পরবর্তীতে হামলা-পাল্টা হামলার ঘটনায় নীরব নামে একজনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিক দুইজনকে আটক করেছে। অপর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর