রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

গাংনীতে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত, বাড়িতে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

গাংনীতে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত, বাড়িতে হামলা-ভাঙচুর

মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ভাই-বোনসহ দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের কোপ লেগে গুরুতর জখম হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শালদহ গ্রামের বিলপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এলাঙ্গী পুলিশ ক্যাম্পের আইসি অতুল জোয়ারদারসহ একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।


বিজ্ঞাপন


আহতরা হলেন— মনিরুল ইসলামের ছেলে রাসেল (২৫) এবং তার সহোদর বোন রিয়া খাতুন।

আহত রাসেল জানান, গত ১৮ মার্চ তিনজন সার্ভেয়ার তাদের জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে খুঁটি গেড়ে দেন। পরে প্রতিপক্ষ সেই খুঁটি তুলে ফেলে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে ইতালি প্রবাসী বাদশা বিদেশ থেকে ফোন করে প্রতিপক্ষ রাকিবুল ইসলামের সাথে কথা বলানোর জন্য তাকে বলেন।

4e9f8b8d-6f6d-44ea-846e-baad238e9894

ফোন নিয়ে রাকিবুল ইসলামের বাড়িতে গেলে আগে থেকেই ওত পেতে থাকা রাকিবুল, মানিক, নাসিম, হাসিব ও বিজয় তার চোখে বালু নিক্ষেপ করে। এরপর রামদা দিয়ে তার মাথায় কোপ মারলে গুরুতর জখম হয় তিনি। এ সময় তাদের সহযোগীরা বাঁশ ও কাঠের বাটাম দিয়ে তাকে বেধড়ক মারধর করে। ভাইকে রক্ষা করতে গেলে তার বোন রিয়া খাতুনকেও মারধর করে আহত করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আরও পড়ুন

প্রতিবেশীকে দা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুবির কর্মচারীর বিরুদ্ধে

তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ মানিক বলেন, প্রায় চার মাস আগে তুচ্ছ ঘটনায় তানজিলের সাথে স্থানীয় স্বপনের বাগ্‌বিতণ্ডা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে মুচলেকা লিখে বিষয়টির নিষ্পত্তি হয়। এরপর থেকেই রাসেল অযথা ঝগড়া-বিবাদ বাধানোর চেষ্টা করে আসছে।

তিনি আরও বলেন, তারা তাদের পৈতৃক জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। পাশের জমির মালিক আব্দুল খালেকের সাথে তাদের কোনো বিরোধ নেই। অথচ তৃতীয় পক্ষ এসে তাদের বাড়ির থাই গ্লাস ও মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তারা চরম অনিরাপত্তায় ভুগছেন।

তিনি আরও বলেন, প্রতিপক্ষ রাসেল একটি সংঘবদ্ধ দল নিয়ে তাদের চলমান প্রাচীরের কাজ বন্ধ করার চেষ্টা করলে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে রাসেলের মাথায় কীভাবে আঘাত লেগেছে তা আমার জানা নাই। তবে রাসেলের সঙ্গবদ্ধ দলের সদস্যরা যখন থাই গ্লাস ভাঙচুর করে তখন ভাঙা কাচের টুকরা এসে তার মাথায় লেগে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

b6f2c965-5601-4bac-9008-0885d2086aae

প্রতিবেশী জমির মালিক আব্দুল খালেক জানান, রাকিবুলদের ঘরের পাশ দিয়ে তার জমি রয়েছে এবং প্রায় ১৫ বছর ধরে ওই জমিতে থাকা বাঁশঝাড় তিনি ভোগদখলে আছেন। ঈদের দুই দিন আগে তিনজন আমিন জমিটি পরিমাপ করেছেন এবং সীমানা নিয়ে তার কোনো অভিযোগ নেই। তবে রাসেলের সাথে কেন মারামারির ঘটনা ঘটলো তা বোধগম্য নয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর