রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

কলমাকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ডাম্পট্রাক চালকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০২:১১ পিএম

শেয়ার করুন:

কলমাকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ডাম্পট্রাক চালকের কারাদণ্ড
অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শান্তিরঞ্জন দেবনাথ (৪৭) নামে এক ডাম্পট্রাক চালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে প্রশাসন। পাশাপাশি ৫২০ ঘনফুট বালুসহ ডাম্প ট্রাকটি জন্দ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলার রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত শান্তিরঞ্জন দেবনাথ (৪৭) সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মৃত চন্দ্র ধর দেবনাথের ছেলে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসানোয়াগাঁও এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ডাম্পট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। বালু পাচারের প্রস্তুতির গোপন তথ্যের ভিত্তিতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় ডাম্পট্রাক চালক শান্তিরঞ্জন দেবনাথকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় প্রায় ৫২০ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শান্তিরঞ্জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর