নাটোরে ইজিবাইক থেকে পড়ে সোহেল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে শহরের মাদরাসা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
সোহেল হোসেন (৪৫) নাটোর শহরের হাজরা নাটোর এলাকার ইব্রাহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলায় ১৫ দিন কারাবন্দী শেষে বুধবার নাটোর কারাগার থেকে মুক্তি পান সোহেল। এরপর হঠাৎ পেট ব্যথা ও বমি শুরু হলে তার স্ত্রী তাকে হাসপাতালে ভর্তির জন্য নিতে চাইলে, তিনি একাই হাসপাতালে ভর্তি হবেন বলে জানান। পরে স্ত্রী কাছ থেকে ৫০০ টাকা নিয়ে ইজিবাইকে চড়ে নিচাবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ইজিবাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে নাটোর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ইজিবাইক থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। তিনি একদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

