হবিগঞ্জে বৈদ্যুতক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া জেলার বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই আলী আকবরসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হবিগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করে। নিহত জামাল মিয়ার বড় ভাই কামাল মিয়া ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করেন।
ঘটনাস্থলে পুলিশকে সহযোগিতা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. ময়না মিয়াসহ স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামাল মিয়া গভীর রাতে ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। তার ডান হাতের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

