বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় ভোরে পৃথক স্থানে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় ভোরে পৃথক স্থানে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

সাতক্ষীরায় ভোরে পৃথক স্থানে এক চিকিৎসক ও এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ভোররাতে শহরের কাটিয়া ও রসুলপুর এলাকায় এই দুটি ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য তৈরি হওয়ায় জনমনে নানা গুঞ্জন দেখা দিয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে বুধবার দুপুরের দিকে মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সুশান্ত ঘোষ, সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশনস), বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

লন্ডনফেরত চিকিৎসকের মৃত্যু

শহরের কাটিয়া এলাকায় সাতক্ষীরা সদর মন্দিরসংলগ্ন নিজ বাড়ি থেকে ডা. সজীব দত্ত (২৭) নামের এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা যায়, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। সম্প্রতি উচ্চতর পড়াশোনার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং কিছুদিন আগে দেশে ফেরেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সেই কলাহাটে ফের দুর্ঘটনা, চাচা-ভাতিজা নিহত

সজীবের বাবা তপন কুমার দত্ত জানান, মঙ্গলবার রাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে তার মা দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এই ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

একই সময়ে শহরের কদমতলা বাজারসংলগ্ন রসুলপুর এলাকায় আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বাড়িতে নৈশপ্রহরী ও কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনদের ভাষ্য, ভোররাতে সেহরির খাবার খাওয়ার পরই কোনো একসময় এই ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাকেই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর