খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে দুর্বৃত্তের গুলিতে রাশিকুল আনাম রাশু নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত যুবক দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে।
রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানায়, রাশু রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা গুলি করে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। অপরাধীদের খুঁজে গ্রেফতার করতে আমরা তৎপর রয়েছি।
প্রতিনিধি/এসএস

