সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২৪ ঘণ্টায় প্রধান দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২৪ ঘণ্টায় প্রধান দুই আসামি গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৪ মার্চ) পৃথক অভিযানে বরিশাল থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


র‌্যাব-৮, বরিশাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদীর তীর থেকে একটি মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়। ইটভাটার শ্রমিকরা লাশটি দেখতে পেয়ে নেছারাবাদ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে।

আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার হওয়া লাশটির পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি গোপাল চন্দ্র দাস (৪২)। তিনি বরিশাল জেলার বিমানবন্দর থানার গণপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

বাড়ি ফেরার পথে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

র‌্যাব জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে একটি মোটরসাইকেলে তিন ব্যক্তিকে ইটভাটায় প্রবেশ করতে এবং কিছু সময় পর দুইজনকে বের হয়ে যেতে দেখা যায়। তদন্তে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে একজন নিহত গোপাল চন্দ্র দাস এবং অন্য দুইজন সম্রাট (৩৪) ও আবেদীন মাঝি (৪২) ওরফে রাজু বলে শনাক্ত করা হয়।


বিজ্ঞাপন


পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের ভিত্তিতে শনিবার দুপুরে বরিশালের বিমানবন্দর থানার কাশিপুর চৌমাথা এলাকার গণপাড়া থেকে সম্রাটকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় বরিশাল কোতোয়ালি থানার স্টিমারঘাট এলাকা থেকে আবেদীন মাঝি ওরফে রাজুকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে তারা মোটরসাইকেলে করে গোপাল চন্দ্র দাসকে ইটভাটায় নিয়ে গিয়ে হত্যা করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেয়। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর