সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

বাড়ি ফেরার পথে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ এএম

শেয়ার করুন:

মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা সোহাগ নিহত

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পানহাট খোলার সামনে মোল্লাহাট–চুনখোলা সড়কে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক।

নিহত শেখ সোহাগ মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামের দাউদ শেখের ছেলে এবং মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সোহাগ শেখ। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে চারটি গুলি করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, গত ৭ মার্চ একই এলাকায় শেখ সোহাগের মোল্লাহাট বাজারে থাকা টিনের দোকানের কর্মচারী নুর ইসলামও (২৭) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়েছিল।


বিজ্ঞাপন


নুর ইসলামের বাড়ি উপজেলার কুলিয়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বল্প সময়ের ব্যবধানে দুটি গুলির ঘটনায় মোল্লাহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর