চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক পটিয়া উপজেলা ছাত্রদলের দুই নেতা ইফতিয়ার হোসেন জাহেদ ও মিজানুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না।
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত দেড়টার গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর শাহেদ খাঁন রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট দুই নেতার আবেদনের প্রেক্ষিতে এবং সাংগঠনিক বিষয়াদি পর্যালোচনা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পরে জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্যসচিব কামরুদ্দিন সবুজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে ইফতিয়ার হোসেন জাহেদ বলেন, দলের সিদ্ধান্তকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। সংগঠন আমাদের যে সুযোগ দিয়েছে, তা কাজে লাগিয়ে আমরা পটিয়া উপজেলা ছাত্রদলকে আরো সুসংগঠিত করতে কাজ করব।
অন্যদিকে মিজানুর রহমান বলেন, ছাত্রদল আমাদের রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের জায়গা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে আমরা আবারও সাংগঠনিক কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেলাম। ভবিষ্যতে দলের নির্দেশনা অনুযায়ী আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
বিজ্ঞাপন
স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মতে, এ সিদ্ধান্তের ফলে পটিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে।
প্রতিনিধি/টিবি

