সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেট এলাকায় মোটরসাইকেলযোগে এসে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত রশিদ আহমদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) ভোররাতে কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম।
গ্রেফতার আসামি রশিদ আহমদ কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে নগরীর এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে এক নারীর গতিরোধ করেন তিন মোটরসাইকেলে আসা ছয় ছিনতাইকারী। এ সময় তারা ওই নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। আকস্মিক এ ঘটনায় ভুক্তভোগী নারী হতবিহ্বল হয়ে পড়েন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) ভোরে অভিযান চালিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার একটি এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি

