সিলেটে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার। গত সোমবার দুপুরে ঘটা এই ছিনতাইয়ের ভিডিওটি ভাইরাল হওয়ার পর জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে পুলিশ।
ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ব্যস্ত সড়কে প্রথমে মোটরসাইকেল নিয়ে একটি অটোরিকশার গতিরোধ করা হয়। পরে সেখানে আরও দুটি মোটরসাইকেল যোগ দেয়। একটি মোটরসাইকেল থেকে এক যুবক নেমে অটোরিকশার ভেতরে থাকা এক নারীর ব্যাগ ধরে টান দেন। এ সময় ওই নারী ব্যাগটি আঁকড়ে ধরার চেষ্টা করলে ছিনতাইকারীর সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত ব্যাগটি ছিনিয়ে নিয়ে ওই যুবক মোটরসাইকেলে উঠে সহযোগীদের সঙ্গে পালিয়ে যান। এরপর ওই নারীকে অটোরিকশা থেকে নেমে মোটরসাইকেলটির দিকে ছুটে যেতে দেখা যায়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী হাউজিং এস্টেট এলাকারই বাসিন্দা। বাসার কাছেই তিনি এই ছিনতাইয়ের শিকার হন। গত সোমবার দুপুরে একটি ব্যাংক থেকে অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই নারী সিলেটের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানায়, তাঁর ব্যাগে নগদ ১৫ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেক বই ও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
সিলেটের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী জানান, ভিডিও ফুটেজ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
প্রতিনিধি/একেবি

