শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

হাসপাতালে লিফটের নিচে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

হাসপাতালে লিফটের নিচে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার জেলা সদর হাসপাতালের লিফটের নিচ থেকে নিখোঁজ এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুরে হাসপাতালের একটি লিফটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম কহিনুর আক্তার (৩২)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।


বিজ্ঞাপন


নিহতের স্বজনরা জানান, গত বুধবার (৪ মার্চ) অসুস্থ ৭ বছর বয়সী মেয়েকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন কহিনুর। মেয়েকে হাসপাতালে ভর্তি করার পর ওইদিন বিকেল থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

নিহতের স্বজন আব্দুল্লাহ আল মামুন জানান, চারদিন ধরে তার চাচিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি র‍্যাব ও পুলিশকেও জানানো হয়েছিল। শনিবার হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নিখোঁজ হওয়ার দিন কহিনুর চারতলায় লিফটে প্রবেশ করছেন; কিন্তু এরপর তাকে আর বের হতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, “এটি লিফটের কোনো দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্য আমরা তার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি এই হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে চরম ক্ষোভ ও প্রশ্ন উঠেছে। সেবাগ্রহীতাদের অভিযোগ, চারদিন ধরে একটি মরদেহ লিফটের নিচে পড়ে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা টের পায়নি যা চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার পরিচয়।


বিজ্ঞাপন


হাসপাতালে চিকিৎসা নিতে আসা হায়দার চৌধুরী বলেন, ‘এই ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ত্রুটি পরীক্ষা করা হলে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিংঞো-র সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর