শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ২

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৮:০২ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ২
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দুইজন দগ্ধ ও একজন আহত হয়েছেন। দগ্ধ দুইজনকে রাজধানির জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নিচ তলায় ভাড়াটের ঝুটের গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার সময় ভবনটির নিচ তলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং সামান্য আগুন ধরে যায়। এসময় নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। এতে আগুনে দগ্ধ হন ঝুট ব্যবসায়ী শিপন ও তার কর্মচারী লিটন। আহত হন বাড়ির ভাড়াটিয়া ছগির।

4356482b-3f01-4c0a-928e-97e39d03c9a8

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায় এবং দগ্ধ ও আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে দগ্ধ শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে রাজধানির জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশাপাশের আরও চারটি বাড়ি ক্ষতগ্রস্ত হয়। ভবনগুলোর জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে।

 

ঘটনাস্থল পরিদর্শন শেষে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বিস্ফোরণে তিনজন আহত হয়েছে বলে শুনেছি।

‎তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। পাশাপাশি ভবনের গ্যাস সংযোগ ও পাইপলাইনের অবস্থা পরীক্ষা করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দগ্ধদের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। তাদের মধ্যে দগ্ধ শিপনের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর