বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

রামেবি উপাচার্যকে প্রাণনাশের হুমকি

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

রামেবি উপাচার্যকে প্রাণনাশের হুমকি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হককে প্রাণনাশের হুমকির অভিযোগ ।

নিয়মবহির্ভূত দাবি প্রত্যাখ্যান করায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।


বিজ্ঞাপন


রামেবি উপাচার্য বলেন, নিয়মবহির্ভূত দাবি প্রত্যাখ্যান করায় গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে হোয়াটসঅ্যাপ মেসেজ, কল ও ভয়েস মেসেজের মাধ্যমে আমাকে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের হুমকি দেওয়া হয়। এমনকি শারীরিক লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এসবের ডিজিটাল প্রমাণ সংরক্ষিত রয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হয়েছে।

লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, গত ২ মার্চ ২০২৬ তারিখে কয়েকটি সংবাদমাধ্যমে তাকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জড়িয়ে ‘প্রকল্পের ৯ শতাংশ ঘুষ চাওয়ার অভিযোগ’ সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও একটি সুসংগঠিত অপরাধী চক্রের চরিত্রহননের অপচেষ্টা। তিনি দৃঢ়ভাবে বলেন, অভিযোগের কোনো সত্যতা বা নৈতিক ভিত্তি নেই।

রামেবি ভিসি জানান, প্রকাশিত সংবাদে অভিযোগকারী প্রতিষ্ঠান হিসেবে ‘জেনিথ করপোরেশন’ ও ‘তাবাসসুম এন্টারপ্রাইজ’-এর নাম উল্লেখ করা হয়েছে। তবে এই দুটি প্রতিষ্ঠান অদ্যাবধি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণই করেনি। যেখানে কোনো প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়নি, সেখানে তাদের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

উপাচার্য বলেন, টেন্ডার প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপ করতে না পারার ক্ষোভ থেকেই এই অপপ্রচার চালানো হচ্ছে। তার অভিযোগ, ‘জেনিথ করপোরেশন’ এর মালিক আতাউর রহমান টিপু দীর্ঘদিন ধরে টেন্ডার ডাটা শিট (টিডিএস) তার শর্ত অনুযায়ী পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছিলেন, যা সরকারি ক্রয় বিধিমালার (পিপিআর) পরিপন্থী। বড় প্রকল্পের ক্ষেত্রে ‘স্পেসিফিক এক্সপেরিয়েন্স’ প্রাক্কলিত মূল্যের ৫০ থেকে ৮০ শতাংশ রাখার বিধান থাকলেও তা ৫০ শতাংশের নিচে নামানোর জন্য চাপ সৃষ্টি করা হয় বলে জানান তিনি।

de38af76-ddc3-4e2e-b5ff-51beb6f6929f

প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক বলেন, এছাড়া ‘এম জামাল কোং’ নামক আরেকটি প্রতিষ্ঠান একই উদ্দেশে স্পেসিফিকেশন এক্সপেরিয়েন্স কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ে অভিযোগপত্র দাখিল করে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কারিগরি ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করে এবং টেন্ডার প্রক্রিয়া চালু রাখার নির্দেশনা দেয়।

তিনি বলেন, প্রতিটি স্তরে ব্যর্থ হয়ে একটি মহল এখন সংবাদমাধ্যমকে ব্যবহার করে তাকে পদচ্যুত করার অপচেষ্টা চালাচ্ছে, যাতে তাদের পছন্দের ব্যক্তিকে উপাচার্যের পদে বসিয়ে নিজেদের ঠিকাদারকে অবৈধভাবে কাজ পাইয়ে দেওয়া যায়।

সংবাদ সম্মেলনে উপাচার্য দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে এবং কোনো হুমকি বা অপপ্রচারে প্রশাসন নীতিগত অবস্থান থেকে সরে আসবে না। তিনি অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর