রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে অন্তত ১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দিবাগত মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির—দু’পক্ষই একে অপরকে দায়ী করছে। এ ঘটনার পর পুলিশ এসে গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের ঘটনায় কলেজের একটি সূত্র জানিয়েছে, গতকাল শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের পর ঢাকা মেডিকেলসহ বিভিন্ন মেডিকেলে মোট ১৬ জন শিক্ষার্থী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কোনো শিক্ষার্থী আশঙ্কাজনক নন। আহত সবাই আশঙ্কামুক্ত।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র বলছে, ক্যাম্পাসের লতিফ ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। গতকাল রাতে এ ঘটনার পর আজ ছাত্রদল ও ছাত্রশিবির পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে ১০ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার) রাত ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
এ ঘটনায় মঙ্গলবার সকালে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা অভিযোগ করে বলে, নির্বাচনের পরে তোরা এখনও হলে থাকিস—এমন ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য করে বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় ছাত্রদল রাতের অন্ধকারে ছাত্রাবাসে হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র ও রামদা নিয়ে পরিচালিত এ হামলায় একজন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়। তাদের দাবি, ক্যাম্পাসে পুনরায় দখলদারিত্ব ও ত্রাসের রাজত্ব কায়েম করতেই এই রক্তক্ষয়ী পথ বেছে নেওয়া হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার বিকেল ৪টায় ছাত্রদল বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম সংঘর্ষের ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, শিবিরের সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের কক্ষে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। কক্ষের ভেতরে ঢুকে ছাত্রদলের একজন সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। অনেকেই আহত হয়েছেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিবিরের সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, গতকাল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে ১০ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল রাতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওই সময় আমাদের শিক্ষকরা উপস্থিত থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। তবে কেউ তেমন আশঙ্কাজনক নন। সবাই শঙ্কামুক্ত। এ ঘটনায় আজ রাত ৮টার মধ্যে শিক্ষার্থীদের লতিফ হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঢাকা মেইলকে বলেন, মূলত হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। তবে কে আগে মারধর বা সংঘর্ষের সূচনা করেছে, সে তথ্য আমরা পাইনি। এ ঘটনায় উভয় পক্ষের আট থেকে নয়জন আহত হয়েছেন। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ বা মামলা করেনি।
আজ মঙ্গলবার রাত আটটা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে নিরাপত্তার স্বার্থে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
একেএস/এমআইকে/এআর

