মানবিক সহায়তার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা মো. দেলাওয়ার হোসেনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গবাদিপশু ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ের সামনে এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৩৬টি ছাগল ও ৭টি টিউবওয়েল বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
আয়োজকদের মতে, স্বনির্ভরতা ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেলাওয়ার হোসেন বলেন, মানুষ যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে—সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। ঠাকুরগাঁও সদর উপজেলার মানুষের পাশে আমরা আগেও ছিলাম, এখনও আছি। আমরা সব ধর্মের মানুষ একে অপরের পাশে থাকব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা হিংসার রাজনীতি চাই না, জনগণের পাশে থেকে সহযোগিতা করাই আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা, সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, এই ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিনিধি/এসএস

