রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

নড়াইলে প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা আহত

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

নড়াইলে প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা আহত
প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা আহত, হাসপাতালে চিকিৎসাধীন

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে চাচা মেছের মোল্যা ও ভাইপো ইয়ামিন মোল্যা নামে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলাউদ্দিন মোল্যার অনুসারীদের বিরুদ্ধে।

রোববার (১ মার্চ) দুপুর ১২টার দিকে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত মেছের মোল্যা (৩৫) লোহাগড়া উপজেলার নওয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামের আহম্মেদ মোল্যার ছেলে ও আহত ইয়ামিন মোল্যা (১৬) কাদের মোল্যার ছেলে। আহত মেছের মোল্যা ও ইয়ামিন মোল্যা নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত মেছের মোল্যা বলেন, রাত ১১টার দিকে কলাগাছি বাজার থেকে আমি আর আমার ভাইপো ইয়ামিন মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে (একই গ্রাম) কলাগাছির আলাউদ্দিন মোল্যার ছেলে শাকিল মোল্যা (২২), সালাম মোল্যার ছেলে ইনামুল মোল্যা (৩৮), জিল্লু মোল্যার ছেলে তুহিন মোল্যা (৩২) ও হাসিফ মোল্যা (২৭), আব্দুল্লাহ মোল্যার ছেলে আরমান মোল্যা (১৯), আতিয়ার মোল্যার ছেলে রমিন মোল্যা (৩৬), মৃত ইসরাফিল শেখের ছেলে কোবাদ শেখসহ (৩৫) আরও ৩/৪ জন আমাকে ও আমার ভাইপোকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আহত ইয়ামিন মোল্যার বাবা কাদের মোল্যা বলেন, আলাউদ্দিন মোল্যার নেতৃত্বে সপ্তাহ খানেক আগে ওরা আমাদের ৪/৫ বাড়ি-ঘর ভাঙচুর করেছে। পরে স্থানীয় মাতুব্বররা শালিস করে মিটিয়ে দিয়েছে। কাল রাতে আবার আমার ছেলে ও ভাইকে হত্যার উদ্দেশ্যে পিটিয়েছে ও কুপিয়েছে। আমি এ ঘটনায় মামলা করব। এর যথাযথ বিচার চাই।

আহত মেছের মোল্যার ভাই উদার মোল্যা বলেন, আমার ভাই বাজারে ব্যবসা করে। কাল রাতে বাড়ি আসার সময় আমার ভাই ও ভাইপোকে মারপিট করছে। আমার ভাইয়ের কাছে থাকা কিছু টাকা পয়সা নিয়ে গেছে। তার মোটরসাইকেলটি ভেঙে তচনচ করে ফেলছে।


বিজ্ঞাপন


তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আলাউদ্দিন মোল্যার মুঠোফোনে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর