রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ০২:৫৩ এএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ গেল কৃষকের

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে গজেন রায় (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন দুই জন।

রোরবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গজেন রায় ওই গ্রামের মৃত ফোইরাদু রায়ের ছেলে। 


বিজ্ঞাপন


আহতরা হলেন- ফনি চন্দ্র রায় (২৮) ও ফাগু রায় (৪০)। তারা দুজনেই নিহতের ভাই-ভাতিজা। এঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। 

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে গজেন রায়ের সঙ্গে প্রতিবেশী ধর্ম রায় ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যার দিকে প্রতিবেশী হর কুমার, মধু, ধর্মের ছেলের মিঠুন ক্ষেত থেকে ধান এনে গজেন রায়ের বাড়ি সামনে স্তুপ করে পুঞ্জি দিচ্ছিল। এতে গজেন তাদের বাধা দিতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গজেন রায়সহ তিনজন গুরুতর আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসলে গজেন রায়কে মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

নিহতের ছেলে ভবেশ রায় জানান, ১৩ বছর ধরে প্রতিবেশী হর কুমার, মধু রায়, ধর্ম রায়ের জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। কিন্তু গত তিন মাস আগে জমির মামলার রায় পান তার বাবা। সন্ধ্যায় বাড়ির গেটের সামনেই ধানের পুঞ্জি (স্থানীয় ভাষায় বলা হয় ‘পুইন’) দিচ্ছিল। এতে তাদের নিষেধ করলে সংঘর্ষ বাঁধে। এসময় বাবাসহ আরও দুইজন গুরুতর আহত হয়।

গজেনের ছেলের বউ বন্যা জানান, চাচা ভাতিজা সম্পর্ক থাকলেও দীর্ঘদিন ধরে লাগাবাজা তাদের সাথে। পূর্বের আক্রোশে ধানের পুঞ্জি দেওয়াকে কেন্দ্র করে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হরকুমার ও তার পরিবারের সদস্যরা।


বিজ্ঞাপন


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি জমা সংক্রান্তে মারামারি কারণে গজেন নামে এক ব্যক্তি মারা গেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

প্রতিনিধি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর