নরসিংদীর মাধবদীতে ধর্ষক কর্তৃক তরুণীকে হত্যার হত্যার অভিযোগে মামলা দায়েরের পর বিএনপি নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে মাধবদী থানায় মামলাটি করেন। মামলার পরে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, ধর্ষক নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব এবং এবায়দুল্লাহ।
স্থানীয়দের ভাষ্য মতে, ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ছয়জন বখাটে কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ইউপি সদস্য আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নিলেও, মোটা অঙ্কের অর্থ নিয়ে কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন এবং ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার নিহত আমিনা তার সৎ বাবার সঙ্গে খালার বাড়ি যাচ্ছিলেন। যাত্রা পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে পাঁচজন যুবক মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। এর পরে পরিবারের সদস্যরা আমিনাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পায়নি। এরপর বৃহস্পতিবার সকালে পুলিশ সরিষা খেত থেকে আমিনার মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়েরের পর মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

