নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তার (১৫) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা খেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা মাধবদীর বিলপাড় এলাকায় তার পরিবারের সাথে বসবাস করত।
বিজ্ঞাপন
নিহতের স্বজনদের অভিযোগ, আমেনার বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আমেনাকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয় মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আহমদের নেতৃত্বে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
গতকাল বুধবার বিকেলে বাবা আশরাফ হোসেন কাজ শেষে মেয়েটিকে তার খালার বাড়িতে রেখে আসার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে ৫ জন মিলে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও আমেনার সন্ধান না পেয়ে বাড়ি ফিরে যান। আজ সকালে স্থানীয়রা সরিষা খেতে ওড়না পেঁচানো অবস্থায় আমেনার মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ ছাড়াও অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।
প্রতিনিধি/একেবি

