বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
তাবাসসুম (৪)

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রাম থেকে নিখোঁজের একদিন পর তাবাসসুম (৪) নামের এক মেয়ে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। তার পরিবার কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাবাসসুমের বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বুধবার দুপুর আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে বাদুরগাছা গ্রামের কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে শিশুটির লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর