বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে কারখানায় শ্রমিক বিক্ষোভ, পুলিশ মোতায়েন

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে কারখানায় শ্রমিক বিক্ষোভ, পুলিশ মোতায়েন
গাজীপুরে কারখানায় শ্রমিক বিক্ষোভ

বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে গাজীপুরে রিপন নিট ওয়্যার লিমিটেড নামের একটি কারখানায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় কারখানার ভেতরে অবস্থান নিয়ে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাসের বকেয়া নাইট বিল এবং বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু হয়। ওইদিন বিকেলে শ্রমিকরা কারখানা ত্যাগ করলেও বৃহস্পতিবার সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে পুনরায় কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে স্টাফদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে শ্রমিকরা একত্র হয়ে কারখানার ভেতরে অবস্থান নেন।

শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন তারা রাত ১১টা-১২টা পর্যন্ত কাজ করলেও ঠিকমতো নাইট বিল দেওয়া হয় না। এমনকি আসন্ন রোজার মাসেও দীর্ঘ সময় ডিউটি করতে হয়।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, শ্রমিকদের তিন মাসের বকেয়ার মধ্যে এক মাসের নাইট বিল পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শ্রমিকরা তা মানতে রাজি হননি। তিনি অভিযোগ করেন, উত্তেজিত শ্রমিকরা স্টাফদের ওপর হামলা চালালে তারা নিরাপত্তার জন্য কারখানা ত্যাগ করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানান, শ্রমিকরা বর্তমানে কারখানার ভেতরে অবস্থান করছেন। মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ মোতায়েন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর