কুড়িগ্রামে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ফুলবাড়ী উপজেলার বাজারে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার বাজারে একরামুল হক নামে এক ব্যবসায়ী পচা গরুর মাংস বিক্রি করছিলেন। ক্রেতাদের নজরে এলে তাকে হাতেনাতে ধরা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন, উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ থাকলেও তিনি জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। অভিযানে জব্দ করা পচা মাংস ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
সহকারী কমিশনার আনোয়ার হোসাইন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

