কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বাহিনী ‘কাইগী গ্রুপ’-এর প্রধান শরিফুল ইসলাম ওরফে শরিফ কাইগীকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব ও গোয়েন্দা পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাভারের আশুলিয়া থানা এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার শরিফুল ইসলাম দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদীপুর গ্রামের মসলেম তাগাদগিরির ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শরিফ কাইগী দীর্ঘদিন ধরে পদ্মার চরাঞ্চলসহ রাজশাহীর বাঘা উপজেলার চর এলাকায় ডাকাতি, ডাকাতিকালে ধর্ষণ, চাঁদাবাজি, দস্যুতা, অবৈধ দখল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র কারবারসহ একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। এসব ঘটনায় দায়ের হওয়া প্রায় দেড় ডজন মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া কয়েকটি মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও তার নাম উঠে এসেছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, দৌলতপুরের চিলমারী ও রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র সক্রিয় ছিল। দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে চরাঞ্চলের সাধারণ মানুষ আতঙ্কে বসবাস করছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস

