বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুড়িগ্রাম-২ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম

শেয়ার করুন:

কুড়িগ্রাম-২ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় শহরের হাসপাতাল পাড়াস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে ভোট পুনর্গণনার দাবি জানান।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে সোহেল হোসনাইন কায়কোবাদ অভিযোগ করেন, নির্বাচনের দিন অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই রেজাল্ট শিট জমা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে আসার সময় স্থানীয়রা বাধা দিলে সড়কেই তড়িঘড়ি করে ভোট গণনা করা হয়।

বিএনপি প্রার্থীর দাবি, ধানের শীষের ব্যালটের ওপর অন্য প্রতীকের ব্যালট মুড়িয়ে গণনায় যুক্ত করা হয়েছে। গণনায় গরমিল দেখে স্থানীয় জনতা বাধা দিলে প্রশাসন ভয়ভীতি দেখিয়ে ব্যালট বাক্স নিয়ে আসে। সংবাদ সম্মেলনে তিনি এসব অনিয়মের কিছু ভিডিও ও দালিলিক প্রমাণ উপস্থিত সাংবাদিকদের সামনে প্রদর্শন করেন।

ইতোমধ্যেই জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোট পুনর্গণনার জন্য লিখিত আবেদন করেছেন বলে জানান কায়কোবাদ। তিনি স্বচ্ছতার স্বার্থে প্রতিটি কেন্দ্রের ভোট পুনরায় যাচাই করার জোর দাবি জানান।


বিজ্ঞাপন


 

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে ১১-দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদ ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর